অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড ব্যবহারকারীদের বিনা মূল্যে নিজেদের পেইড অ্যাপস ব্যবহারের সুযোগ দিচ্ছে। অ্যাপলের অ্যাপ স্টোরে বিক্রি হয় এমন বেশ কয়েকটি অ্যাপস এখন চাইলে ব্যবহারকারীরা বিনা মূল্যেই ব্যবহার করতে পারবেন।
মূলত গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের অ্যাপস স্টোর গুগল প্লের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এখন তাই প্রায় প্রতি সপ্তাহে অ্যাপ স্টোর থেকে কোনো না কোনো পেইড অ্যাপস না কিনেই বিনা মূল্যে ব্যবহার করতে পারছেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।
বর্তমানে প্রায় শূন্য দশমিক ৯৯ ডলার দিয়ে কিনতে হয় এমন একটি অ্যাপ কালার জেন বিনা মূল্যে ব্যবহারের সুযোগ রয়েছে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে অ্যাপসটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। প্রতি সপ্তাহে এমন সুবিধা দেওয়ার নতুন এ উদ্যোগ শুধু অ্যাপসের ক্ষেত্রেই নয়, পাওয়া যাবে ভিডিও, গেমসসহ অ্যাপ স্টোরের অন্যান্য কন্টেন্টের ক্ষেত্রেও।
এ পদ্ধতিতে যে অ্যাপস বিনা মূল্যে পাওয়ার ঘোষণা দেবে অ্যাপল, সেই অ্যাপস নামাতে গেলে ‘এ গেম ফর ইউ, অন আস’ নামের একটি বার্তা দেখাবে। পরবর্তী সময়ে ডাউনলোড বোতামে ক্লিক করলে একটি বিশেষ কোড পাওয়া যাবে, যা অ্যাপল থেকেই দেওয়া থাকে। সেটির মাধ্যমেই অ্যাপসটি নামানো যাবে। অ্যাপলের এ পদ্ধতি ইতিমধ্যে অনুসরণ শুরু করেছে বিশ্বখ্যাত ই-কমার্স সেবাদাতা ওয়েবসাইট অ্যামাজন। এ সুবিধা পেতে আইওএস অপারেটিং সিস্টেমচালিত যন্ত্র ব্যবহারকারীরা নিজেদের আইটিউনে ব্যবহূত ই-মেইলে নজর রাখতে পারেন। কারণ, কোন সময় কোন অ্যাপস বিনা মূল্যে পাওয়া যাবে, সেটি আগে থেকেই ই-মেইলে ব্যবহারকারীকে জানানো হয়।

No comments:
Post a Comment