আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাবলেট আনতে পারে নকিয়া। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে উইন্ডোজ আরটি সংস্করণনির্ভর বড় মাপের ট্যাবলেটের ঘোষণা দিতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
উইন্ডোজ ফোনবিষয়ক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউপি সেন্ট্রাল সম্প্রতি নকিয়াঘনিষ্ঠ সূত্রের বরাতে বড় মাপের ট্যাবলেট সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করেছে। ডব্লিউপি সেন্ট্রালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে একটি অনুষ্ঠানের আয়োজন করবে নকিয়া। সেখানে নকিয়ার জনপ্রিয় লুমিয়া ফোনসদৃশ ট্যাবলেটের ঘোষণা আসতে পারে। ১১ ইঞ্চি মাপের ট্যাবলেট সম্প্রতি বেঞ্চমার্ক পরীক্ষা করিয়েছে নকিয়া। নকিয়া কর্তৃপক্ষ এ ট্যাবলেটটিকে বলছে আরএক্স-১১৪। ট্যাবলেটটিতে থাকবে কোয়াড কোরের প্রসেসর, উন্নত ব্যাটারি ও ক্যামেরার সুবিধা।
ট্যাবলেটটির দাম বা কবে নাগাদ বাজারে আসতে পারে—এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরেই নকিয়া উইন্ডোজনির্ভর ট্যাবলেট আনতে পারে এমন গুঞ্জন রয়েছে। নকিয়া সম্প্রতি বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এখন ট্যাবলেটের বাজারে পা রাখা হয়তো সময়ের ব্যাপার মাত্র!
নকিয়া ট্যাবলেট আনলে আইপ্যাডের পাশাপাশি অ্যান্ড্রয়েড নির্ভর বিভিন্ন ট্যাবলেটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।

No comments:
Post a Comment